আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ আইসল্যান্ডের ১১,০০০এরও বেশি পরিবার সিরীয় শরণার্থীদের জন্যে নিজেদের বাড়ির দুয়ার খুলে দিয়েছে। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছিল বছরে ৫০ জন শরণার্থীকে জায়গা দেবে দেশটি, বড়জোর। কিন্তু, দেশের মানুষের এমন উন্নত মানবতাবোধ হয়ত দেশটির সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করবে— এমনটাই মনে করছেন নাগরিকরা।
সহস্র মানুষকে সঙ্গে নিয়ে মূলত একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে দেশটিতে। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন আইসল্যান্ডীয় লেখক ব্রিনদিস বজোরগভিনসদত্তির। প্রথমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি উন্মুক্ত দলীয় বৈঠক আহ্বান করেন। সেখানে তার সকল প্রস্তাবনা সহকারে মানুষকে উদ্বুদ্ধ করতে শুরু করেন।
ব্রিনদিস দেশটির সমাজকল্যাণ মন্ত্রী ইগলো হার্ধারদত্তিরের প্রতি একটি খোলা চিঠি লেখেন। যেখানে সিরীয় শরণার্থীদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
সিরিয়ায় বিগত চার বছরের গৃহযুদ্ধে এবং সর্বশেষ আইএস-এর আক্রমণে লাখ লাখ মানুষের মৃত্যু ঘটেছে। কোটি কোটি মানুষ গৃহহারা হয়েছে। প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ বিপন্ন করে হলেও তারা সমুদ্রপাড়ি দিয়ে ইউরোপে আসছেন— যদি আশ্রয় মেলে।

