আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় তিনটি গ্রামে পৃথকভাবে হামলা চালিয়ে অন্তত ৮০ জনকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। দেশটির বর্নো প্রদেশে এ হামলার ঘটনাগুলো ঘটে বলে সোমবার স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।.
শুক্রবার রাতে জঙ্গিদের হামলায় বানু গ্রামের অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এছাড়া শনিবার ও রবিবার আরও দুই গ্রামে হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করে জঙ্গিরা।
বানু গ্রামের বাসিন্দা আইসামি আয়ার জানিয়েছেন,‘শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে হামলাকারীরা ওই হামলা শুরু করে। তারা এসেছিল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। হামলার আকস্মিকতায় গোটা গ্রামের বাসিন্দারা হতবুদ্ধি হয়ে পড়েছিল এবং তারা সবাই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল।’
পরে তারা গ্রামে ফিরে ৬৮টি মৃতদেহ দেখতে পায়। আরো হামলার আশঙ্কায় শনিবার রাতেও তারা গ্রাম ছেড়ে দূরে অবস্থান করেছিল বলে ওই ব্যক্তি জানিয়েছেন।
তবে সরকারিভাবে বানু গ্রামে বোকো হারামের হামলায় ৫৬ জন নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে।

