আর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তের কাছাকাছি একটি আদিবাসী এলাকায় শনিবার বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তান আদিবাসী অঞ্চলের শাওল এলাকায় জঙ্গি গোষ্ঠীদের গোপন আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা। ওই অঞ্চলে সেনাবাহিনী গত বছরের জুন থেকে তালেবানদের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলার ঘোষণা দিয়েছিল। ওই অভিযানের অংশ হিসেবেই শনিবার আদিবাসী এলাকাটিতে হামলা চালানো হয়।
ওই হামলা সম্পর্কে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবার শাওলে একটি সুর্নিদিষ্ট হামলায় ১৪ জঙ্গি নিহত হয়েছে।’
ওই এলাকাটি একটি প্রত্যন্ত অঞ্চল এবং সাংবাদিকদের সেখানে প্রবেশের অনুমতি নেই বলে মৃতের সংখ্যা সঠিক ভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
পাকিস্তান প্রায় এক যুগ ধরে দেশটিতে গড়ে ওঠা ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে চলছে। সাম্প্রতিক সময়ে জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

