আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ডোমিনিকায় শুক্রবার আঘাত হেনেছে গ্রীস্মমণ্ডলীয় ঝড় এরিকা। ঝড়ের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৩১ জনের বেশি মানুষ। সে দেশের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
শনিবার এরিকা ঝড়টি ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে হাইতি ও ডোমেনিকা প্রজাতন্ত্রে। এর একদিন পর অর্থাৎ রোববার এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানবে বলে জানা গেছে। ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যে ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিত শুক্রবার রাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, ঝড়ের আঘাতে শত শত বাড়ি, সেতু ও সড়ক ধ্বংস হয়েছে। এই ক্ষয়ক্ষতির ফলে দেশটির অগ্রগতি ২০ বছর পিছিয়ে গেছে বলেও তিনি দাবি করেছেন।
এই গ্রীস্মমণ্ডলীয় ঝড়টির আঘাত হানার আশঙ্কায় ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এরিকার আঘাতে পুয়ের্তো রিকো দ্বীপের ২ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া এখানকার ১ কোটি ৬০ লাখ ডলার মূল্যের ফসল নষ্ট হয়ে গেছে।

