আন্তর্জাতিক ডেস্ক : ভারতই পাকিস্তানের একমাত্র বহিঃশত্রু। বৃহস্পতিবার পাকিস্তান সেনবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল রশিদ মাহমুদ এ মন্তব্য করেছেন। শুক্রবার ডন অনলাইন এ সংবাদ জানিয়েছে।
প্রতিরক্ষা সংক্রান্ত সিনেট কমিটিকে জেনারেল রশিদ বলেন, গত কয়েক বছরে ভারত এক হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে। এর ৮০ শতাংশই কেনা হয়েছে পাকিস্তানকে উদ্দেশ্য করে। শুধু তাই নয় ভারতীয় সেনাবাহিনী আগামি পাঁচ বছরের মধ্যে আরো এক হাজার কোটি ডলারের অস্ত্র কিনতে যাচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত গত এক দশকে তাদের প্রতিরক্ষা বাজেট দ্বিগুন করেছে। চলতি বছর দেশটি তাদের প্রতিরক্ষা খাতে ৪০ দশমিক ৪৭ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ রেখেছে।
কমিটি আরও জানিয়েছে, দুই দেশের মধ্যে সংলাপ বাতিল ও দুই দেশের মধ্যে কোন সংঘাত নিরসনের প্রক্রিয়ার জন্য সমঝোতা স্মারকের অনুপস্থিতিতে পরিস্থিতি সুনির্দিষ্টভাবে পাল্টে গেছে । তাই এখন পরিস্থিতির ক্রম মূল্যায়ণ এবং প্রতিক্রিয়ার প্রক্রিয়ার উন্নয়ন প্রয়োজন।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশ ভাগের পর তিনবার পাকিস্তান ও ভারত সংঘাতে জড়িয়ে পড়েছিল। নব্বই দশকের পর থেকে দেশ দুটি পারমানবিক শক্তি অর্জনের প্রতিযোগিতায় নামে।

