আর্ন্তজাতিক ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় আইএসের এক ব্রিট্রিশ হ্যাকার নিহত হয়েছেন। মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়াতে আইএসের শীর্ষ সাইবার এক্সপার্ট ছিলেন জুনায়েদ হুসেইন নামের ব্রিটিশ ওই হ্যাকার । বুধবার নির্ভরযোগ্য একটি মার্কিন সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
১৮ আগষ্ট ইরাকে বিমান হামলায় জঙ্গি গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হওয়ার পর গত আট দিনে এটাই আইএসের কোনো জ্যেষ্ঠ নেতার মৃত্যুর দ্বিতীয় ঘটনা বলে বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি।
সূত্রটি আরো জানিয়েছে, ড্রোন হামলায় নিহত ব্রিটিশ হ্যাকার জুনায়েদ হুসেইন ইংল্যাণ্ডের বার্মিংহামের বাসিন্দা ছিলেন। তাকে হত্যার ঘটনায় সম্ভবত মার্কিন প্রতিরক্ষা দপ্তর জড়িত ছিল।
অনলাইন রিপোর্টে এক প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সিরিয়ার রাক্কা শহরের কাছাকাছি ওই ড্রোন হামলা চালানো হয়েছিল। এছাড়া হুসেইন গত দুই বছর ধরে প্রায়ই সিরিয়া যাওয়া আসা করত।
এ বছরের শুরুর দিকে মার্কিন এবং ইউরোপীয় সরকারি উৎস থেকে রয়টার্সকে জানানো হয়েছিল, তাদের ধারনা হুসেইন সাইবার খিলাফত নামে একটি হ্যাকিং গ্রুপের নেতা। ওই গ্রুপটি জানুয়ারিতে পেন্টাগনের একটি টুইটার একাউন্ট হ্যাক করেছিল। তবে হুসেইন ব্যক্তিগতভাবে হ্যাকিংয়ে জড়িত ছিল কীনা সে সম্পর্কে তারা নিশ্চিত নয় বলেও জানিয়েছে তারা।
আমেরিকান সূত্রটি ড্রোন হামলায় হুসেইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে। মার্কিন গোয়েন্দা বিশেষজ্ঞদের দুটি টুইটার একাউন্টে বলা হয়েছে, হুসেইনের স্ত্রী জানিয়েছে তার স্বামী জীবিত আছে।

