আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি গণগুলিবর্ষণের ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে। বন্দুক সহিংসতায় একই সঙ্গে একই স্থানে অনেক ব্যক্তি আহত বা নিহত হওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রে গণগুলিবর্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। মার্কিন সমাজে বিরাজমান অস্বাভাবিকতার জন্য এ জাতীয় ঘটনা ঘটে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলবামা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ অ্যাডাম লাংফোর্ড এ সমীক্ষা চালিয়েছেন।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০ বছরে অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় পাঁচগুণ বেশি গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দেখা গেছে, ১৯৬৬ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্বে ২৯১টি গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯০টি অর্থাৎ ৩১ শতাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন এবং তৃতীয় অবস্থানে রাশিয়া।
এ ধরনের অপরাধ অধিকহারে যুক্তরাষ্ট্রে ঘটার পেছনে যেসব কারণ তুলে ধরা হয়েছে তার মধ্যে দেশটিতে ব্যাপক হারে অস্ত্র থাকা, গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের নিয়ে ব্যাপক মাতামাতি করা এবং মার্কিন সমাজে বিরাজমান অস্বাভাবিকতা রয়েছে বলে মনে করেন অ্যাডাম লাংফোর্ড।
এছাড়া অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে গণগুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা একাধিক অস্ত্র ব্যবহার করেছে। অন্যান্য দেশের তুলনায় এ ক্ষেত্রে মার্কিনিরা তিন দশমিক ছয় গুণ বেশি একাধিক অস্ত্র ব্যবহার করছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

