আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধর্মভিত্তিক জনসংখ্যার তুলনায় হিন্দুদের চেয়ে মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটির ২০১১ সালের আদমশুমারিতে এ তথ্য উঠে এসেছে।
২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যা বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। একই সময়ে ভারতের মোট মুসলিমের সংখ্যা ১৩ কোটি ৮০ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ২২ লাখে।
এদিকে ১০ বছরে (২০০১-২০১১) ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে। শূন্য দশমিক ৭ শতাংশ কমে হিন্দুদের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ কোটি ৬৩ কোটিতে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
২০১১ সালে আদমশুমারি হলেও গত চার বছর পর মঙ্গলবার সম্প্রদায়ভিত্তিক তথ্য প্রকাশ করে ভারত। এতে ভারতে হিন্দুদের তুলনায় মুসলিমদের সংখ্যা বাড়ছে।
আরজেডি, জেডি (ইউ), এসপি ও ডিএমকেসহ কয়েকটি রাজনৈতিক দল সম্প্রদায়ভিত্তিক তথ্য প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানায়। এ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাবে শুমারি কর্তৃপক্ষ।
রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার মঙ্গলবার ধর্মভিত্তিক জনসংখ্যার তথ্য প্রকাশ করে। এই তথ্যমতে, ২০১১ সালে ভারতের মোট জনসংখ্যা ১২১ কোটি ৯ লাখ।
ভারতে ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাব
হিন্দু : ৯৬ কোটি ৬৩ লাখ, যা মোট জনসংখ্যার ৭৯.৮ শতাংশ
মুসলিম : ১৭ কোটি ২২ লাখ, যা মোট জনসংখ্যা ১৪.২ শতাংশ
খ্রিষ্টান : ২ কোটি ৭৮ লাখ, যা মোট জনসংখ্যার ২.৩ শতাংশ
শিখ : ২ কোটি ৮ লাখ, যা মোট জনসংখ্যার ১.৭ শতাংশ
বৌদ্ধ : ৮৪ লাখ, যা মোট জনসংখ্যা ০.৭ শতাংশ
জৈন : ৪৫ লাখ, যা মোট জনসংখ্যার ০.৪ শতাংশ
অন্যান্য ধর্মানুসারী : ৭৯ লাখ, যা মোট জনসংখ্যার ০.৭ শতাংশ
ধর্ম উল্লেখ করেনি, এমন লোক : ২৯ লাখ, যা মোট জনসংখ্যার ০.২ শতাংশ

