কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায় মাস খানেক আগে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। এ কারণে পার্শ্ববর্তী রাস্তার ধারে টিনের চালার নিচে চলছে ওই স্কুলটির ৫ শতাধিক শিক্ষার্থীর ক্লাস।
এ অবস্থায় ভাঙনের ঝুঁকি মাথায় নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার কাজ চললেও হয়তো কোনো এক সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীরা তাদের বসার জন্য তৈরি এই শেষ অবলম্বনটুকুও আর খুঁজে পাবে না।
এলাকাবাসী জানায়, পানি উন্নয়ন বোর্ড আশপাশে কিছু বালুর বস্তা ফেললেও স্কুলটির ভাঙনের মুখে কোনো বালুর বস্তা ফেলেনি। ফলে সেখানকার শিক্ষক শিক্ষার্থীরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জানান, আর দুই মাস পর ছাত্র-ছাত্রীদের বাৎসরিক পরীক্ষা। তাদের লেখাপড়ার সর্বশেষ আশ্রয়টুকু রক্ষার জন্য এখনই পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান জানান, স্কুলটির শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য অস্থায়ীভাবে কিছু করা যায় কিনা সেটি দেখা হচ্ছে। এ ব্যাপারে জানার জন্য কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

