যশোর প্রতিনিধি : যশোরে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্সের সদস্যরা। তবে পণ্যের মালিক লিটু বেগম আটক পণ্যগুলো বৈধ বলে দাবি করেছেন।
অভয়নগরের বুইকরার একটি বাড়ি থেকে সোমবার রাতে আটকের পর মঙ্গলবার দুপুরে টাস্কফোর্সের সভাপতি জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তবে পণ্যের মালিক আকর্ষণ বস্ত্রালয়ের লিটু বেগম আটক পণ্যগুলো বৈধ দাবি করে বলেছেন, সোনালী ব্যাংক বেনাপোল শাখায় চালান নং-৯০ এর মাধ্যমে ১৭ আগস্ট ৩৯ লাখ ৯৯ হাজার ৪৩৪ টাকা কর পরিশোধ করে ওই মালামাল আমদানি করা হয়। এছাড়া ইসলামী ব্যাংক নওয়াপাড়া বাজার শাখায় গত চার জুন আকর্ষণ বস্ত্রালয়ের নামে ২৫ হাজার ৬৭৫ দশমিক ২০ ডলার প্রেরণ করে এলসির (এলসি নং-০৯০৫১৫০১০১৫৩) টাকা পরিশোধ করেন। অভিযান চলাকালে তিনি মালামালের এসব বৈধ কাগজপত্র টাস্কফোর্স সদস্যদের কাছে উপস্থাপন করেন। কিন্তু তারা কাগজপত্র না দেখেই অবৈধপণ্য আখ্যা দিয়ে তার বৈধ পণ্য জব্দ করে নিয়ে এসেছে।
অন্যদিকে, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, অবৈধভাবে ভারত থেকে পণ্য আনার অভিযোগে চার কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চার হাজার ৬৭৪ পিস শাড়ি, ৪০ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৪৫২ টি থ্রি-পিস, ৭৬ লাখ টাকা মূল্যের ১৫২টি শার্টের কাপড়, তিন লাখ চার হাজার ৮শ’ টাকা মূল্যের ৫০৮ কেজি চা পাতা এবং ১৫ হাজার ৬শ’ টাকা মূল্যের ২৬ কেজি জিরা জব্দ করা হয়। এসব মালামালের মূল্য প্রায় পাঁচ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৪শ’ টাকা। নিয়মানুযায়ী পণ্যগুলো শুল্ক গুদামে জমা দেয়ার প্রস্তুতি চলছে।

