স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে নিজের হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান এই ভবিষ্যত অধিনায়ক পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে ১০ দিনেরও কম সময়ের ব্যবধানে নিজের শীর্ষস্থান ফিরে পান।
অ্যাশেজের চতুর্থ টেস্টে স্টিভেন স্মিথের ব্যর্থতা এবং ইংল্যান্ডের জো রুটের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স রুটকে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান এনে দেয়। তবে পরের টেস্টেই মুদ্রার উল্টো-পিঠ দেখছেন রুট ও স্মিথ। পঞ্চম টেস্টে স্মিথ দারুণ ব্যাটিং করেন এবং ব্যর্থতার পরিচয় দেন জো রুট। যে কারণে হারানো সিংহাসন ফিরে পান অস্ট্রেলিয়ার বর্তমান সময়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান।
সদ্য শেষ হওয়া ওভাল টেস্টের একমাত্র ইনিংসে ১৪৩ রানের নান্দনিক ইনিংস উপহার দেন স্টিভেন স্মিথ। অন্যদিকে দুই ইনিংসে মাত্র ১৭ (৬+১১) রান করেন জো রুট। যে কারণে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থান হারান রুট।
এদিকে ওভাল টেস্টে ব্যর্থতার কারণে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে যান জো রুট। ডি ভিলিয়ার্স ৮৯০ পয়েন্ট জো রুটের চেয়ে ওপরে রয়েছে। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রুট। সর্বোচ্চ ৯১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্টিভেন স্মিথ।
কলম্বো টেস্ট দিয়ে সোমবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো লংকান গ্রেট কুমার সাঙ্গাকারা ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সপ্তম স্থানে রয়েছেন। ২০১৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের কাছে র্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর আগে টানা ৮১২ দিন সাঙ্গা ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন।
চার থেকে শীর্ষ দশে থাকা অপর নামগুলো হলো- হাশিম আমলা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুল হক সবার ওপরে রয়েছেন। এই বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন ২৪তম স্থানে। এছাড়া তামিম ২৭তম ও সাকিব ২৮তম স্থানে রয়েছেন। শীর্ষ ৫০- এ থাকা অপর দুই বাংলাদেশি হলেন মুশফিক (৪৩) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৪৯)।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি সাকিব আল হাসান শীর্ষে রয়েছেন। অন্য দুই ফরম্যাটেও তিনি শীর্ষস্থান অব্যাহত রেখেছেন। টেস্ট বোলারদের র্যাংকিংয়ে সাকিব রয়েছেন ১৭তম স্থানে। তবে ওয়ানডে (সপ্তম) ও টি-২০ (ষষ্ঠ) বোলারদের র্যাংকিংয়ে ঠিকই সেরা দশে রয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
টেস্ট র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৫ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা রয়েছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। ১০৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে অসিরা। অন্যদিকে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ সিরিজে ৩-২ ব্যবধানে পরাজিত করায় ইংল্যান্ড পাকিস্তানকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে। পাকিস্তান নেমে গেছে চারে।
টেস্ট র্যাংকিয়ের পঞ্চম থেকে দশম স্থানে থাকা দলগুলো হলো যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
চলমান টেস্ট সিরিজে ভারত যদি শ্রীলংকাকে ২-১ ব্যবধানে হারাতে পারে তবে বিরাট কোহলির দল নিউজিল্যান্ডকে টপকে পঞ্চম স্থানে উঠে আসবে। অন্যদিকে শ্রীলংকা একই ব্যবধানে জিতলে তারা সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে আসবে, আর ভারত নেমে যাবে সাতে। আর সিরিজ ১-১ এ ড্র হলে র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানেই থাকবে কোহলির দল। তবে সেক্ষেত্রে লংকানদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যাবে ভারত।

