ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বাঙালির ‘বন্ধন ব্যাংক’ উদ্বোধন

Link Copied!

BANDHAN-bankঅর্থনীতি ডেস্ক : ভারতের সবগুলো রাজ্যের নামে ব্যাংক থাকলেও বাংলার নামে কোনো ব্যাংক ছিল না এতোদিন। এবার প্রথমবারের মতো বাঙালির ব্যাংক হিসেবে প্রথম যাত্রা শুরু করলো ‘বন্ধন ব্যাংক’। এ ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হিসেবে আছেন বাংলাদেশের ছেলে চন্দ্রশেখর ঘোষ। ব্যাংকটির পরিচালকমণ্ডলির মধ্যেও বাঙালির প্রাধান্য। ১০ সদস্যের বোর্ডে ছয়জনই বাঙালি।
রোববার ভারতের পশ্চিমবঙ্গের সায়েন্স সিটিতে আনুষ্ঠানিকভাবে এ ব্যাংকটির উদ্বোধন করেন দেশটির  অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ছাড়াও চন্দ্রশেখর ঘোষ, অশোক লাহিড়ি এবং বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম বছরেই ব্যাংকটিতে ১ কোটি গ্রাহক করার পরিকল্পনা নিয়ে ৬০০ শাখা খোলার ইচ্ছা আছে কর্তৃপক্ষের। তিনবছর অর্থাৎ ২০১৮ মধ্যেই শেয়ারবাজারে নাম লেখাতে চায় তারা।
অরুণ জেটলি বলেন, ‘বাংলার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। শুধু বাংলাই নয়, বিহারের জন্যও আর্থিক সহায়তার ভাবনা আছে কেন্দ্রের।’
সেইসঙ্গে জেটলি বলেন, ‘উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি নয়। উন্নয়নের প্রশ্নে কেন্দ্র সবসময় রাজ্যের পাশেই আছে।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো বলেন, ‘বন্ধনের আত্মপ্রকাশ রাজ্যের উন্নতিতে সাহায্য করবে। স্বল্প বিনিয়োগের শিল্পোদ্যোগীরা বন্ধনের উত্থানে উৎসাহিত হবেন। ব্যাংকিং পরিষেবা যত উন্নত এবং আধুনিক হবে দেশের অর্থনৈতিক ভিত্তি তত সুদৃঢ় হবে। বন্ধন এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে।’
জানা গেছে, বাংলাদেশের ছেলে চন্দ্রশেখর ঘোষ ক্ষুদ্র ঋণ সংস্থা ব্র্যাকে কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে ভারতে গিয়ে প্রথম চালু করেছিলেন ‘বন্ধন’ নামের ক্ষুদ্র ঋণ সংস্থা। সেই সংস্থার সাফল্যেই তাকে ব্যাংক চালু করার সুযোগ দিয়েছে। গত জুন মাসে ভারতের রিজার্ভ ব্যাংক দেশের ২৩তম বেসরকারি ব্যাংক হিসেবে কাজ শুরু করার চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বন্ধনকে। অবশ্য এ ব্যাংক লাইসেন্স পাওয়ার জন্য আম্বানি থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পগোষ্ঠী আবেদন করেছিলেন। বন্ধনকে লাইসেন্স দেয়ার জন্য বাছাই করেছিল রিজার্ভ ব্যাংক। এদিকে, ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন অশোক কুমার লাহিড়ি। তিনি এক সময় ছিলেন ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। তাছাড়া এ বাঙালি অর্থনীতিবিদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এগজিকিউটিভ ডিরেক্টর এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও বিশ্বব্যাংকের উপদেষ্টা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে। আর বোর্ডে একমাত্র নারী সদস্য নাবার্ডের পূর্বাঞ্চলীয় চিফ জেনারেল ম্যানেজার টিএস রাজি গাইন।
চন্দ্রশেখর ঘোষ ও বন্ধন ব্যাংক: বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর ঘোষ  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকে এক যুগ কাজ করেন। ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে যান। তার বাবা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন। চন্দ্রশেখর ঘোষ কলকাতায় প্রথমেই পারিবারিক ব্যবসায় সম্পৃক্ত হন। এরপরে ২০০১ সালের নভেম্বরে ২ লাখ রুপি মূলধন নিয়ে গড়ে তোলেন ‘বন্ধন’ নামে একটি এনজিও। ২০০৯ সালে এ বন্ধনের নিবন্ধন হয় নন-ব্যাংকিং ফিন্যান্স কোম্পানি (এনবিএফসি) বা অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে। আর ২০১৪ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বন্ধনকে ব্যাংক হিসেবে লাইসেন্স দেয়।