বিনোদন ডেস্ক : বলিউডের মত বিশাল ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। আর মেয়ের এমন সাফল্যে রীতিমত আবেগাপ্লুত সুনীল শেঠি ও তার স্ত্রী মনা শেঠি। কারণ মেয়ে আথিয়ার এই সাফল্যে যে তাদের হাত নেই, পুরো অর্জনটাই নাকি মেয়ে আথিয়ারই!
সন্তানের সাফল্য দেখতে কার না ভালো লাগে! বলিউডের মত বিশাল ইন্ডাস্ট্রিতে মেয়ে আথিয়া জায়গা করে নেয়ায় তাই উচ্ছ্বসিত পুরো সুনীল শেঠির পরিবার। তারচেয়ে আনন্দের বড় ব্যাপার হল বাবার নাম ব্যবহার না করেই মেয়ে অভিনয় জগতে দাঁড়িয়ে গেছে। তাই গর্ব করে সুনীল বলেন, আমি শুধু আথিয়ার ছবির মহরৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, একদিনই। প্রকৃতপক্ষে আথিয়ার আত্মবিশ্বাস দেখে তাকে স্বয়ংসম্পূর্ণ মনে হয়েছে। আমি বিশ্বাস করি, আত্মবিশ্বাসটা থাকলে সে একদিন ঠিকই সাফল্যের চূড়ায় পা রাখতে পারবে।
উল্লেখ্য, সালমান খানের হাত ধরে আসন্ন ছবি ‘হিরো’-তে প্রথমবারের মত অভিনয় করতে যাচ্ছেন আথিয়া শেঠি। সালমান খানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন নিখিল আদভানি, সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিটি অবলম্বনে নির্মাণ হচ্ছে নতুন ‘হিরো’। ইতিমধ্যে ছবির পোস্টার, টিজার, ট্রেলার এবং সালমানের কণ্ঠে একটি গান দিয়ে ইতিমধ্যে বলিউডের আকাঙ্ক্ষিত ছবির তালিকায় পৌঁছে গেছে ছবিটি। আথিয়া ছাড়াও ছবিটিতে অভিষেক হতে যাচ্ছে সুরাজ পাঞ্চালি! আসছে সেপ্টেম্বরের ১১ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


