স্পোর্টস ডেস্ক : ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’য় ঘরের মাঠে অপরাজেয় থাকার রেকর্ডটা আর ধরে রাখতে পারল না জুভেন্টাস। টানা ৪৭ ম্যাচ অপরাজেয় থাকার পর সোমবার প্রথম হেরেছে তুরিনের ‘ওল্ড লেডি’ নামে পরিচিত দলটি। তাও লিগে নিজেদের প্রথম ম্যাচেই। আর তাদের পরাজয়ের তিক্ততা দিয়েছে উডিনেস। গতবারের চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে তারা।
গত মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ জেতা জুভেন্টাস এ মৌসুমে অবশ্য অনেক খেলোয়াড়কেই হারিয়েছে। দল ছেড়েছেন আন্দ্রেয়া পিরলো, আরতুরো ভিদাল ও কার্লোস তেভেজ। যদিও মারিও মানজুকিচ, স্যামি খেদিরা, পাওলো ডায়াবালার মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে তারা। কিন্তু সিরি ‘আ’য় নতুন মৌসুমে তাদের শুরুটা ভালো হলো না।
অবশ্য ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে জুভেন্টাস। প্রথমার্ধে গোলপোস্টে ১১টি শট নেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। কিন্তু একটিও গোল আদায় করতে পারেননি তারা। ম্যাচের ৭৮ মিনিটে উডিনেস’র স্প্যানিশ মিডফিল্ডার সিরিল কেরেউ দলকে ১-০ গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই গোলেই পরাজয় নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের।

