অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজার থেকে অর্থ তুলতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আবেদন গ্রহণ সোমবার শুরু হবে। যা চলবে ১লা সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত।
দেশী-প্রবাসী উভয় শ্রেণির বিনিয়োগকারীর জন্য একই সময়সীমা প্রযোজ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৭তম সভায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম নেওয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৩৩ পয়সা। আইপিও-পূর্ববর্তী শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৯ টাকা ৬০ পয়সা।
শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকায় মূলধনী বিনিয়োগ, ব্যাংকঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর খরচ মেটাবে কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

