নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নগরবাসীর বাড়ি ফেরা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিয়ে জরুরি সভা ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদের সময় নগরবাসী যাতে নির্বিঘ্নে গ্রামের বাড়ি যেতে পারে এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে এই জরুরি সভা ডেকেছে ডিএমপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ হাসান।
মারুফ হাসানের নেতৃত্বে পৃথক জায়গায় দুটি সভা অনুষ্ঠিত হবে। প্রথম সভাটি অনুষ্ঠিত হবে রোববার বিকেল সাড়ে ৪টায় গাবতলী বাস টার্মিনালে। এই বৈঠকে পরিবহণ ও বাস মালিক-শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন।
অপরদিকে দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হবে রোববার সন্ধ্যা ৭টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে। এতে বিআইডব্লিউএ, সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ, লঞ্চ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন।

