স্পোর্টস ডেস্ক : নারী ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানো হবে কি হবে না তা নিয়ে এখনও সংশয় কাটেনি। তবে, সফরের আগে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানে পাঠানোর কথা বলা হচ্ছিল বেশ কিছুদিন থেকে। যার ওপর ভিত্তি করে সালমাদের পাকিস্তান সফরের বিষয়টি চূড়ান্ত হবে। অবশেষে সেই পর্যবেক্ষক দল খুব শিগগিরই যাচ্ছে পাকিস্তানে। শনিবার বিসিবির এক কর্তকর্তা জানিয়েছেন এ তথ্য।
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চার সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের ভাগ্য নির্ধারণ হবে বিসিবির এই নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্টের ওপর।
সাম্প্রতিক সময়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলায়, দেশটিতে বাংলাদেশ মহিলা দলের ক্রিকেটারদের পাঠানোর ব্যাপারে নতুন করে ভাবনায় পড়েছে বিসিবি। আর তাই পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চার সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবির ঘনিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, চার সদস্যের মধ্যে তিনজনই থাকবেন সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধি। গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল, জাতীয় গোয়েন্দা সংস্থার একজন অফিসার ও পুলিশের অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল থাকবেন এই নিরাপত্তা পর্যবেক্ষক দলে। একই দলে আরও থাকবেন বিসিবির নিরাপত্তা কমিটির প্রধান হোসাইন ইমামও।
নিরাপত্তা পর্যবেক্ষক দলের এই সফরের বিষয়ে রোববার বিসিবি চিঠি পাঠাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে। পিসিবির সাড়া পাওয়ার পরই ঠিক হবে নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তান যাওয়ার চুড়ান্ত দিনক্ষণ। আর সেটা চলতি মাসের মধ্যেই হবে বলে জানা গেছে।
বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষণ দলের সবুজ সংকেত পেলে ৩১ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পাকিস্তান সফর করবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ সফরে পাকিস্তান মহিলা দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলার কথা সালমা-জাহানারাদের।

