স্পোর্টস ডেস্ক : মুরালি বিজয়ের পর আজিঙ্কা রাহানের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে রয়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নিয়ে খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই ৩০০ রানের লিড ছাড়িয়ে যায় বিরাট কোহলির দল।
রোববার টেস্টের চতুর্থ দিন ১ উইকেটে ৭০ রান নিয়ে খেলতে নামে ভারত। আগের দিন মাত্র ৩ রানের মাথায় লোকেশ রাহুলের উইকেট হারানোর পর ৬৭ রান তোলে অবিচ্ছিন্ন ছিলেন রাহানে ও মুরালি বিজয়। রোববার এই দুজন তাদের জুটিতে ১৪০ এ উন্নীত করেন।
দলীয় ১৪৩ রানে ব্যক্তিগত ৮২ রান করে ফিরে যান বিজয়। এরপর অল্প সময়ের মধ্যে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলিও (১০)। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজিঙ্কা রাহানে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২৭ রান। কোহলিদের লিড বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩১৪ তে। ফলে চালকের আসনে রয়েছে সফরকারীরা। আজিঙ্কা রাহানে ১০৬ ও রোহিত শর্মা ২৪ রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরি এবং কোহলি, রোহিত শর্মা ও ঋদ্ধিমান সাহার হাফ সেঞ্চুরির সুবাদে ৩৯৩ রান সংগ্রহ করে সফরকারী ভারত। ভারতের হয়ে লোকেশ রাহুল ১০৮, কোহলি ৭৮, রোহিত ৭৯ এবং হৃদ্ধিমান সাহা করেন ৫৬ রান।
প্রথম ইনিংসে শ্রীলংকার হয়ে রঙ্গনা হেরাথ ৪টি এবং ম্যাথিউজ, দুশমন্ত চামিরা এবং ধামিকা প্রাসাদ ২টি করে উইকেট লাভ করেন।
প্রথম ইনিংসে ভারতের করা ৩৯৩ রানের জবাবে অ্যাঞ্জেলো ম্যাথিউজের সেঞ্চুরি এবং লাহিরু থিরিমান্নে ও কুশল সিলভার হাফ সেঞ্চুরি সত্ত্বেও অন্যান্যদের ব্যর্থতায় ৩০৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলংকা।
ম্যাথিউজ ১০২, থিরিমান্নে ৬২ এবং কুশল সিলভা করেন ৫১ রান। জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩২ রান করে আউট হয়ে যান কুমার সাঙ্গাকারা।
ভারতের হয়ে অমিত মিশ্র ৪টি এবং অশ্বিন ও ইশান্ত শর্মা ২টি করে উইকেট লাভ করেন। ১টি করে উইকেট নেন উমেশ যাদব ও স্টুয়ার্ট বিনি।
কলম্বো টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন লংকান গ্রেট কুমার সাঙ্গাকারা। তার মানে, দ্বিতীয় ইনিংসে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করতে নামবেন তিনি।
প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারতকে ৬৩ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলংকা।

