স্পোর্টস ডেস্ক : জরিমানা গুনতে হচ্ছে শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে। কলম্বোয় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে আউট হওয়ার পর অশোভন আচরণ করায় তাকে জরিমানা করেছেন ম্যাচ রেফার এন্ডি পাইক্রফট। জরিমানা হিসেবে থিরিমান্নের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়া হবে।
শনিবার তৃতীয় দিনে ইশান্ত শর্মার হাফভলি ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন থিরিমান্নে। আম্পায়ার ব্রুছ ওক্সেনফোর্ড আঙ্গুল তুলে থিরিমান্নেকে আউট দেন। আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়ে কোমড়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচের তৃতীয় দিনে ইশান্ত শর্মার বলে আম্পায়ার তাকে কট আউট দেওয়া সত্বেও মাঠ ত্যাগ করার আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ৬২ রান করা থিরিমান্নে। আন্তর্জাতিক ম্যাচে আম্পয়ারদের সিদ্ধান্ত অবজ্ঞা করে থিরিমান্নে খেলোয়াড় আচরণ বিধির ২.১.৫ ধারা ভঙ্গ করেছেন।’
তৃতীয় দিনের খেলা শেষে থিরিমান্নেকে ডেকে নেন ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট। সেখানে দোষ স্বীকার করেন বাঁহাতি এই ব্যাটসম্যান এবং শাস্তিও মেনে নেন তিনি।

