বিনোদন ডেস্ক : ঢাকার জনপ্রিয় নাটকের দল প্রাঙ্গণেমোর-এর অষ্টম প্রযোজনা সৈয়দ শামসুল হক-এর কাব্যনাটক ঈর্ষা। নাটকটি মঞ্চায়িত হবে ২৫ আগস্ট সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে। দলটির সুত্রে জানা গেছে, দীর্ঘ ৮ মাস পর নাটকটি মঞ্চায়িত হচ্ছে।
ঈর্ষা নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ।
নাটকটি প্রসঙ্গে নির্দেশক-অভিনেতা অনন্ত হিরা বলেন, ‘ঈর্ষা নামের কাব্যনাট্যে গল্প এতোটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর যা বর্ননাতীত। সেই সঙ্গে আছে আবার শিল্পের সঙ্গে শিল্পের দন্দ্ব। আছে শিল্পীর সাথে শিল্পীর দন্দ্বও। আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা। আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারিরীক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মুল্যবোধও। সব মিলিয়ে জীবন ও জীবন উত্তীর্ণ শিল্পের নানা প্রসঙ্গ।
তিনি জানিয়েছেন, নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।


