নিজস্ব প্রতিবেদক : প্রয়োজন না থাকলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হবে- জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সাইবার অপরাধের বিষয়ে আইন করার উদ্যোগ নিচ্ছে সরকার। আর এই আইন হলে তখন তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা থাকবে কি না, তা চিন্তা-ভাবনা করা যাবে।
চলমান রাজনৈতিক ঘটনাবলী নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘ক্রসফায়ার করে দল নিয়ন্ত্রণ করা সরকারের নীতি নয়। প্রতিটি ঘটনার তদন্ত করা হবে।’
সমালোচনাকারী ও আইনজীবীরা ৫৭ ধারার বিষয়ে আংশিক সত্য বলছেন দাবি করে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিকও নয়, মুক্তচিন্তা ও মানবাধিকার পরিপন্থীও নয়।
প্রশাসনের কোনো কর্মকর্তা যদি ৫৭ ধারার সঠিক প্রয়োগ না করেন, তবে আদালতে প্রতিকার বা ন্যায়বিচার পাওয়া যাবে।’
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারাটি জামিন অযোগ্য- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, তথ্যমন্ত্রী বলেন, ‘সিআরপিসি’র (কোড অব ক্রিমিন্যাল প্রসি্ডিউর) অনেক ধারা আছে, যেগুলো জামিন অযোগ্য। তার মানে এই নয়, কোথাও জামিন পাওয়া যাবে না। উচ্চ আদালতের (অভিযুক্ত না হলে) মাধ্যমে জামিন পাওয়ার ব্যবস্থা রয়েছে।

