নিজস্ব প্রতিবেদক : দেশের আলেম সমাজের বহুল প্রত্যাশিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় ঢাকার ধানমণ্ডির ১২/এ নম্বর রোডে ৪৪ নম্বর বাড়িতে শিক্ষাবোর্ড কম্পিউটার কেন্দ্র ভবনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন।
দেশের আলেম সমাজের শত বছরের দাবি পূরণে ২০১৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় সংসদে পাস হওয়া আইনের আওতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দেশের ১২৬০টি ফাযিল ও কামিল মাদরাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করতে যাচ্ছে। এর আগে এসব মাদরাসা কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় এবং তারও আগে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হচ্ছিল।
নতুন প্রতিষ্ঠিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি অধিভুক্ত ১২৬০টি ফাযিল ও কামিল মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণসহ পেশাগত উন্নয়নেও ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়টি দেশে ইসলামি শিক্ষার প্রসারসহ ইসলামি মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

