নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় ‘অ্যাপ্লিকেশন অব ম্যাথমেটিক্স ইন রিয়েল লাইফ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টায় এই সেমিনার শুরু হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ডের গণিত ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহরুল আলম। প্রধান অতিথি হিসেবে সেমিনারটি উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় তিনি বলেন, ‘আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের ভূমিকা রয়েছে। জীবনকে উপলব্ধি করার জন্য গণিত বিষয়ে জ্ঞান থাকা জরুরি। আমাদের জীবন ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার বিশাল ভূমিকা রাখছে। আর এসব আবিষ্কারের ক্ষেত্রে গাণিতিক জ্ঞানের প্রয়োজন। তাই গণিতের জ্ঞান আহরণ ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ গণিত সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক সাজেদা বানু, বাংলাদেশ গণিত সমিতির সেমিনার সংগঠকের আহ্বায়ক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ আনদাল্লা, বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বক্তব্য দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেজাউল করিম ও স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। এছাড়াও সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গণিতবিদের ১৪টি বৈজ্ঞানিক প্রবন্ধ, ৬টি কন্ট্রিবিউটেড পেপার এবং ৩টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপিত হয়।

