নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রকল্প সহায়ক উপকরণ ক্রয়কালে সরকারি ও বিশ্বব্যাংকের নীতিমালা অনুসরণ ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন।
শনিবার ইউজিসি অডিটরিয়ামে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর উদ্যোগে ‘প্রোকিউরমেন্ট ম্যানেজমেন্ট অব উইন্ডো-৪’ শীর্ষক এক ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান তার বক্তব্যে বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রকল্প সহায়ক উপকরণ ক্রয়কালীন সরকারি ও বিশ্বব্যাংকের নীতিমালা অনুসরণ করা দরকার। পাশাপাশি উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের যোগসূত্র স্থাপনও জরুরি।
দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৪ জন প্রশিক্ষণার্থী ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের সাতজন কর্মকর্তা এই কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. আবুল হাশেম, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)ড. গৌরঙ্গ চন্দ্র, হেকেপের এআইএফ কো-অর্ডিনেটর মো. কোরবান আলী প্রমুখ।

