বিনোদন ডেস্ক : রকিবুল আলম রকিবের নির্মিতব্য সিনেমা মাস্তান পুলিশ। এ সিনেমা থেকে বাদ পড়লেন রুমাই নোভিয়া। রুমাই নোভিয়ার পরিবর্তে সাদিয়া আফরিনকে এ সিনেমায় নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রকিবুল ইসলাম রকিব।
এ প্রসঙ্গে রকিবুল আলম রকিব বলেন, ‘এ সিনেমায় রুমাই নোভিয়ার অভিনয় করার কথা ছিল। এ নিয়ে নিউজও হয়েছে। আমি ওকে দিয়েই কাজ করাতে চেয়েছিলাম। কে যেন ওকে বলেছে- এ সিনেমায় অন্য কাউকে নিয়ে নিয়েছি। এ জন্য আমার সিনেমার মহরতেও সে আসে নি। আমি ওকে কথা দিয়ে অন্যকে কেন নিব?’
তিনি আরো বলেন, ‘আমি এ সিনেমার পরিচালক। আমি বলছি, তোমার (রুমাই) পরিবর্তে অন্য কাউকে নেই নি। সে আমাকে ফোনে বলে আমি নাকি অন্য কাউকে নিয়েছি। আমি বাধ্য হয়ে সাদিয়া আফরিনকে ২১ আগস্ট চুক্তিবদ্ধ করলাম।’
সিনেমা প্রসঙ্গে রকিবুল আলম রকিব বলেন, ‘অক্টোবরের ১-৩০ তারিখ পর্যন্ত দ্বিতীয় লটের শুটিং করব। ঢাকা কক্সবাজার, সাভারসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং হবে।’
মাস্তান পুলিশ সিনেমায় আরো অভিনয় করছেন- কাজী মারুফ, তানিন সুবহা, আশিক, অঞ্জলি, কাজী হায়াৎ, বড়দা মিঠু, ডেনি রাজসহ আরো অনেক।
গত ৮ আগস্ট, শনিবার বিএফডিসিতে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হয়। এ লটে মাত্র এক দিনের শুটিং হয়। সিনেমাটির চিত্রনাট্য করেছেন কাজী হায়াৎ। এ সিনেমার গল্পে দেখা যাবে- একজন পুলিশ এবং একজন গুন্ডার বিভিন্ন কর্মকান্ড।
সিনেমাটিতে ছয়টি গানের মধ্যে ৪ আগস্ট একটি গানের রেকর্ডিং শেষ করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও নাওমী। সবগুলো গানের কম্পোজিশন করবেন ইমন সাহা ও শওকত আলী ইমন। গানগুলো লিখেছেন কবির বকুল।

