স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ৩ আগস্ট টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকেই ছুটিতে ছিল জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অক্টোবরে ও নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশের ‘এ’ দল।
আসন্ন সিরিজগুলো সামনে রেখে শনিবার থেকে মিরপুরে শুরু হয়েছে বিসিবির ‘এলিট’ খেলোয়াড়দের ‘কন্ডিশনিং ক্যাম্প’। এই ক্যাম্পে ২৭ ক্রিকেটারকে নির্বাচন করেছে বিসিবি। তবে প্রথম দিন উপস্থিত হতে পারেননি ছয় ক্রিকেটার।
অনুপস্থিত তালিকায় আছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব আল হাসান, সিঙ্গাপুরে থাকা মাশরাফি বিন মর্তুজা। দেশে থেকেও মুশফিকুর রহিম, রনি তালুকদার, আবুল হাসান রাজু ও সাব্বির রহমান রুম্মান ক্যাম্পে যোগ দেননি।
সকাল ৯টা ৪৫ মিনিটে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করে ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, এনামুল হক বিজয়সহ ছয় ক্রিকেটার দেরিতে ক্যাম্পে যোগ দিলেও অন্যরা ঠিক সময়ে চলে আসেন।
জিম, রানিং করে প্রথম দিনের ক্যাম্প শেষ করেন ক্রিকেটাররা। তবে মারিও ভিল্লাভারায়নের এ দিন জন্মদিন থাকায় ট্রেনিং-এর প্রথম দিনটি বেশ মজায় মজায় কেটেছে ক্রিকেটারদের। শেষে ড্রেসিং রুমে জন্মদিনের কেক কাটেন ক্রিকেটাররা। ক্যাম্পে ফিরেই উৎসবের আনন্দে মেতে উঠেন সবাই।
এক মাসের এই ক্যাম্প চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র আছেন সাকিব আল হাসান। ২৬ আগস্ট দেশে ফিরে ২৭ আগস্ট ক্যাম্পে যোগ দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। স্বপরিবারে সিঙ্গাপুরে আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২৫ আগস্ট দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন তিনি।
কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

