নিজস্ব প্রতিবেদক : লোকবল বাড়ছে ঢাকা ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। যোগ হচ্ছে নতুন সাত হাজার সদস্য। এর মধ্যে ৯০টি থাকছে বিসিএস ক্যাডার পদ। অন্যগুলো ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এরই মধ্যে পদ সৃষ্টির পর ক্যাডার পদের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই সাত হাজার পদের মধ্যে ক্যাডার পদ করা হয়েছে ৯০টি। ইন্সপেক্টর ১৫০, সাব-ইন্সপেক্টর ১১০০, সহকারী সাব-ইন্সপেক্টর ১২০০ ও কনস্টেবল ৪৪০০টি। বাকিগুলো সিভিল পদ।
বর্তমানে ডিএমপিতে ২৬ হাজার ৫০০ পুলিশ কর্মকর্তা ও সদস্য রয়েছে। তারা থানা, বিভিন্ন ইউনিট, দাঙ্গা দমন বিভাগে কর্মরত রয়েছেন। নতুনদেরও এসব ইউনিট ও থানায় নিয়োগ দিয়ে পুলিশের সামর্থ্য বাড়ানো হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পৃথিবীর উন্নত দেশগুলো জনসংখ্যার অনুপাতে পুলিশ বৃদ্ধি করে নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দেশে বর্তমানে পুলিশের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার। মানুষকে অধিক সেবা দিতে শুধু রাজধানী ঢাকতেই ১ লাখ পুলিশ দরকার, অথচ রাজধানীতে রয়েছে মাত্র ২৬ হাজার ৫০০ জন।’
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে ৫০ হাজার পুলিশের নিয়োগ করা হবে তার মধ্য থেকে এখন পর্যন্ত ১৪ হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এই ১৪ হাজারের মধ্যে ডিএমপির জন্য রাখা হয়েছে সাত হাজার পদ। আর এই পদগুলো অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে নথি পাঠানো হয়েছে। বাকি সাত হাজার প্রক্রিয়াধীন।
পুলিশ সূত্র আরো জানায়, ডিএমপিতে ১২ হাজার ৫০০ পদ সৃষ্টির জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবনা যাছাই বাছাই করে সাত হাজার ২৫০টি পদ সৃষ্টির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জন প্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। জন প্রশাসন মন্ত্রণালয় পরে তা পাঠায় অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয় থেকে পাস হওয়ার পর ক’দিন আগে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছে।
উন্নত ও মধ্য আয়ের দেশগুলোর সঙ্গে এর ব্যবধান অনেক। জাপানে ২৫০ জনের বিপরীতে রয়েছে একজন পুলিশ। পাশের দেশ ভারতে রয়েছে প্রতি ৭৩০ জনে একজন পুলিশ সদস্য। থাইল্যান্ডে ২৬০ জনে একজন, মালয়েশিয়ায় ২৭০ জনে একজন। অথচ ১০৩০ জনের বিপরীতে আমাদের দেশে রয়েছে মাত্র একজন পুলিশ সদস্য।

