নিজস্ব প্রতিবেদক : তরুণ ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার দায় অস্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম।
জিহাদোলোজি নামের একটি ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই হত্যার দায় অস্বীকার করে।
এতে উল্লেখ করা হয়েছে, নিলয় হত্যার পর আনসার আল ইসলাম নামে সংগঠন এর দায় স্বীকার করেছে, আনসারুল্লাহ নয়। আনসারুল্লাহ এবং আনসার আল ইসলাম ভিন্ন সংগঠন।
গত ৭ আগস্ট পূর্ব গোড়ানের ভাড়া বাসায় নীলকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরপরই এর দায় স্বীকার করে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায় আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডটি আনসারুল্লাহ ঘটিয়েছে। এঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ২ জন সদস্যকে গ্রেপ্তারও করে গোয়েন্দা পুলিশ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘আনসার আল ইসলাম আসলেই হত্যাকাণ্ডে জড়িত কিনা কিংবা চিঠিটি কারা পাঠিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিবৃতিটির সত্যতা পর্যালোচনা করা হচ্ছে।’

