ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি ও বিনিয়োগ পরিস্থিতি দেখতে ভারত যাচ্ছেন ব্যবসায়ীরা

Link Copied!

ঢাকা সফরের সময় মোদির সঙ্গে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ

ঢাকা সফরের সময় মোদির সঙ্গে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ

অর্থনৈতিক প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে পোশাক খাতের ব্যবসায়িদের সংগঠন বিজিএমইএ নেতারা তার কাছে পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনের জন্য ৫০ একর জমি চান। সেসময় তিনি ইতিবাচক সাড়া দেন। এখন এই জমি দেখতে ও বিনিয়োগ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী ২৩ আগস্ট ভারতে যাচ্ছে ৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিনিধি দলে থাকছেন- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএর সহ সভাপতি শহিদ উল্লাহ আজিম, পরিচালক মোহাম্মদ নাসির, মশিউল আজম সজল এবং বিজিএমইএ’র আগামী কমিটির সভাপতি প্রার্থী সিদ্দিকুর রহমান।
জানা গেছে, মোদির সফরের কিছুদিন পরই গুজরাটে শিল্পপ্লট ফাঁকা আছে বলে সেদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সেখানে গুদাম ও বিতরণ কেন্দ্রের পাশাপাশি তৈরি পোশাক কারখানা স্থাপনের শর্ত দেয় ভারত। এই শর্ত মেনে ভারত সরকারের আমন্ত্রণে জমি দেখতে যাচ্ছেন ব্যবসায়ীরা।
বিজিএমই সূত্র জানায়, সেখানে বিনিয়োগ পরিস্থিতি পর্যবেক্ষণ, মজুরির হার, নিবন্ধন পদ্ধতি ও ফি, ট্যারিফ, অবকাঠামোগত পরিবেশ এসব বিষয়ে যাচাই করা হবে। পাশাপাশি ভারতের বিনিয়োগ বোর্ড ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে।
সূত্রে আরও জানা গেছে, ভারতে বিতরণ কেন্দ্র ও গুদাম স্থাপনের জন্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এ লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যদের নিয়ে গঠন করা হবে একটি কোম্পানি। এছাড়া ভারতের বিভিন্ন শহরে এক হাজার বিক্রয়কেন্দ্র স্থাপন করারও পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে বিজিএমইএ সহ সভাপতি শহিদ উল্লাহ আজিম বলেন, ‘গুজরাটে শিল্প প্লটের পাশাপাশি সেখানকার স্থানীয় নিয়মকানুন ও কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কি না সেসব বিষয়ে খোঁজখবর নেব। পরে নয়াদিল্লিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে।’
উল্লেখ্য, গত ৬ জুন ঢাকা সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় গুজরাটে ৫০ একর জমি বরাদ্দ চান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। এরপর ১৪ জুন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণকে তার কার্যালয়ে গিয়ে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বিজিএমইএ। এই প্রস্তাব পাওয়ার পরই ভারতীয় হাইকমিশন বিজিএমইএকে চিঠি দেয়। এতে বলা হয় গুজরাটে শিল্প প্লট ফাঁকা আছে। তবে সেখানে পোশাক কারখানা স্থাপনের শর্ত দেয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলকে গুজরাট ও নয়াদিল্লি পরিদর্শনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়।