স্পোর্টস ডেস্ক : অ্যাশেজে ব্যর্থতার জের ধরে অস্ট্রেলিয়ান খেলোয়াড় ও অধিনায়ক মাইকেল ক্লার্কের পর এবার নির্বাচকদেরও কাঠগড়ায় দাঁড় করালেন দেশটির কিংবদন্তী লেগ-স্পিনার শেন ওয়ার্ন। অ্যাশেজে দল ঘোষণা নিয়ে রডনি মার্শের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সমালোচনা করেন টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট লাভ করা এই বোলার।
চলমান অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার জন্য বিপর্যয় বয়ে এনেছে। তৃতীয় ও চতুর্থ টেস্টে ব্যাক-টু ব্যাক হেরে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে হেরে বসেছে মাইকেল ক্লার্কের দল। বিশেষ করে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পঞ্চম ও শেষ টেস্টে জস হ্যাজেলউডের জায়গায় পিটার সিডলকে একাদশে নেয়ায় প্রধান নির্বাচক রডনি মার্শের সমালোচনা করেন ওয়ার্ন।
বৃহস্পতিবার চ্যানেল নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে শেন ওয়ার্ন বলেন, ‘আমি মনে করি না কেউ চিন্তা করতে পারে যে এই টেস্টে পিটার সিডলকে খেলানো উচিত। যখন তাকে দলে নেয়া উচিত ছিল তখন নেয়া হয়নি। আমার মনে হয়, গত টেস্টে তাকে (সিডল) দলে না নিয়ে যেই ভুল করা হয়েছে যেন সেই ভুলের মাশুল দিতেই এই টেস্টে তাকে দলে নেয়া হয়েছে।’
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেয়া শেন ওয়ার্ন মনে করেন, ট্রেন্ট ব্রিজে চতুর্থ টেস্টে পিটার সিডলকে নেয়া হলে ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে আসতে পারতো। ফলে সিরিজ জয়ের আশাও টিকে থাকতো।
রডনি মার্শকে দোষারোপ করে ওয়ার্ন বলেন, ‘আমার মতে, (দল নির্বাচনে) তারা আবার ভুল করেছে এবং এই ভুলের দায় রডনি মার্শকেই নিতে হবে। এই সিরিজে দল নির্বাচনের বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে যার সবগুলোই ভুল ছিলো। এজন্য কারো না কারো তো দায় নিতে হবে।’
প্যাট কামিন্সের জায়গায় পিটার সিডলকে নেয়া কেন ভুল হয়েছে সেটির ব্যাখ্যাও দিয়েছেন ওয়ার্ন, ‘বাংলাদেশ সফর আসন্ন, যেখানে পিটার সিডল যাবে না। আমাদের হাতে ২২ বছর বয়স প্যাট কামিন্স ছিলো। এই টেস্টে তাকে দলে নেয়ার কী দারুণ সুযোগই না ছিল। আমি এটি (সিডলকে দলে নেয়া) কেন করা হলো তা বুঝতেছি না। দল ঘোষণার পর আমার এটি বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল।’

