রাজশাহী প্রতিনিধি : ‘আমাদের শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের, আমিও পড়ি মাধ্যমিক বিদ্যালয়ে। তবে আমাদের বিদ্যালয়ের নাম মাদরাসা হবে কেন?’ -এ প্রশ্ন সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাসুদ খানের।
মাসুদ খানের মতো আরো কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, রাজশাহী সরকারি মাদরাসা স্কুলের শিক্ষার্থী হওয়ার পরও তাদের মাদরাসার শিক্ষার্থী হিসেবে পরিচিত হতে হয়। কিন্তু কখনও বলা হয় না তারা স্কুলের শিক্ষার্থী।
গত মঙ্গলবার এভাবেই প্রতিবাদ জানিয়ে রাজশাহীর ঐতিহ্যবাহী সরকারি হাই মাদরাসার নাম পরিবর্তন করে ‘হাজী মুহম্মদ মুহসীন গভ. স্কুল অ্যান্ড কলেজ’ করার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
নাম পরিবর্তনের দাবিতে নগরীতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে তারা। এতে অংশ নেয় রাজশাহী সরকারি মাদরাসার শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা।
শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী সরকারি মাদরাসা স্কুলের শিক্ষার্থী হওয়ার পরও তাদের মাদরাসার শিক্ষার্থী হিসেবে পরিচিত হতে হয়। কিন্তু কখনোও বলা হয় না তারা স্কুলের শিক্ষার্থী।
অভিভাবক আব্দুল বারী বলেন, একটি স্কুলে যেমন সকল ধর্মের শিক্ষার্থী থাকতে পারে তেমনি সকল ধর্মের শিক্ষক থাকতে পারে। আর সেক্ষেত্রে মাদরাসা নাম দিয়ে অন্যান্য সকল শিক্ষার্থীরা এই স্কুলে ভর্তি হতে ইচ্ছুক না।
অভিভাবকরা বলেন, মাধ্যমিক শিক্ষা কারিকুলামে মাদরাসার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। পিএসসি-জেএসসি-এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে মাদরাসা নাম থাকলে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে হিন্দু ছাত্রদের অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

