ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নতুন কাস্টমস আইন বাস্তবায়নে এনবিআর অঙ্গীকারবদ্ধ’

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : রাজস্ব আদায়ের পরিবেশ উন্নয়নে ‘কাস্টমস আইন-২০১৫’ বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন কাস্টমস আইন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।
এনবিআর ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ১৭-২০ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী ‘নতুন কাস্টমস আইন বাস্তবায়ন’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার এর শেষ দিন ছিল।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘যেকোনো আইন প্রণয়ন সহজ। কিন্তু এর যথাযথ বাস্তবায়ন বেশ কঠিন। তবে এনবিআর বাংলাদেশে জনবান্ধব, ব্যবসাবান্ধব এবং রাজস্ব আদায়ে অনুকূল পরিবেশ উন্নয়নের জন্য আন্তর্জাতিক রীতি-নীতি অনুসরণ ও প্রতিপালন করে। এজন্যই নতুন কাস্টমস আইন-২০১৫ বাস্তবায়ন জরুরি। আমরা তা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরো বলেন, ‘নতুন কাস্টমস আইনের বিষয়ে বিভিন্ন সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো দ্রুত বাস্তবায়নের পক্ষে মতামত দিয়েছেন। তাদের সঙ্গে আমরাও আশা করি, এ আইনটি জনকল্যাণে ও রাজস্ব আদায়ে শক্তিশালী ভূমিকা রাখবে।’
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. আসলাম মানি লন্ডারিং বিষয়টি নতুন কাস্টমস আইনের অন্তর্ভুক্তির ওপর বিশেষ জোর দেন। এ ছাড়া তিনি তথ্যপ্রযুক্তিনির্ভর ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের মূল্যবান সফটওয়্যার কেনাবেচার ক্ষেত্রে অর্থ লেনদেন মনিটরিং এ আইনের অন্তর্ভুক্ত করতে এনবিআরের দৃষ্টি আকর্ষণ করেন।
স্টকহোল্ডার ও কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চার দিনব্যাপী ওই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় কাস্টমের মাঠ পর্যায়ের ২৬ কর্মকর্তা, এফবিসিসিআইসহ কয়েকটি মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাসহ মোট ৪০ জনের হাতে সনদ তুলে দেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব শাহজাহান আলী মোল্লা, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞগণসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।