বিনোদন ডেস্ক : মুম্বাই হামলার মাস্টারমাইন্ড আসামি ও নিষিদ্ধ ঘোষিত জমাত-উদ-দাওয়াহ্ –এর প্রধান নেতা হাফিজ সাইদের করা মামলার প্রেক্ষিতে অবশেষে পাকিস্তানে নিষিদ্ধ করে দেয়া হয়েছে কবির খানের আসন্ন বলিউডি ছবি ‘ফ্যানটম’।
জানা গেছে, ২০ আগস্ট বৃহস্পতিবার পাকিস্তানের আদালত পতৌদি নবাব সাইফ আলী খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত আসন্ন ছবি ‘ফ্যানটম’-এর বিরুদ্ধে খড়গ জারি করে। ছবিতে দেশ বিরোধী কর্মকাণ্ড থাকার অভিযোগে আদালত এই ছবির উপর নিষেদাজ্ঞা জারি করে। লাহোরের উচ্চ আদালতে বিচারক শহিদুল বিলাল এই প্রজ্ঞাপন করেন বলে জানা গেছে।
ক’দিন আগেই ‘বাজরাঙ্গি ভাইজান’ নির্মাণ করে আবেগে কাঁদিয়েছেন পাকিস্তানিদের, এবার আরেকটি নতুন ছবি নিয়ে হাজির ‘ভাইজান’ নির্মাতা কবির খান। তবে তার এই ছবিকে পাকিস্তানে নিষিদ্ধ করতে শুরু হয়েছিল আন্দোলন। ‘ফ্যানটম’ পাকিস্তানে নিষিদ্ধ করতে একেবারে উঠে পড়ে লেগেছিলৈন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জমাত-উদ-দাওয়াহ্ –এর প্রধান নেতা হাফিজ সাইদ। তিনি পাকিস্তানের হাইকোর্টে কবির খানের আসন্ন ছবি ‘ফ্যানটম’ মুক্তি ঠেকাতে আরজি পেশ করেন। তার দাবী কবির খানের ‘ফ্যানটম’ ছবিটি তার দেশের বিরুদ্ধে এক সুক্ষ্ণ প্রপাগান্ডা। আর ছবিটিকে হাফিজ সাইদ ‘ইন্ডিয়ান চক্রান্ত’ বলেও আদালতের কাছে অভিহিত করেন। পাকিস্তানের আদালত তার করা মামলাটি আমলে নিয়ে ২০ আগস্ট বৃহস্পতিবার পাকিস্তানে মুক্তি ঠেকাতে এ রায় দেন।
উল্লেখ্য, কবির খানের আসন্ন ছবি ‘ফ্যানটম’ এস হোসেন যায়দির উপন্যাস ‘মুম্বাই অ্যাভেঞ্জার্স’ অবলম্বনে নির্মিত। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান এবং ক্যাটরিনা কাইফ। ছবিটি আসছে ২৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

