অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থান প্রবণতায় দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও, কমেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
দিনশেষে ডিএসই’র প্রধান সূচক (ডিএসইএক্স) ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫০ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি ৭৭ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিবিএস, ইসলামী ব্যাংক, সিএনএ টেক্সটাইল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাইফ পাওয়ারটেক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও এপেক্স ট্যানারি।
দিনশেষে অপর শেয়ারাবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩৫ পয়েন্টে। লেনদেন হয় ৪১ কোটি টাকা। লেনদেনে অংশ নেয় ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

