অর্থনৈতিক প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় তথ্যভাণ্ডার ব্যবহার করার লক্ষ্যে কমিশনের সঙ্গে ব্র্যাক ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংকের মধ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘তথ্য যাচাই ব্যাংকিং লেনদেনে জালিয়াতি কমাবে।’
বুধবার বিকেলে রাজধানীর রেডিসন হোটেলে এ দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে ইসির ‘অনলাইন ভেরিফিকেশন সার্ভিস’ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপক মামুদুর রহমান, ডাচ্ বাংলা ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপক আবুল কাশেম মো. শিরিন এবং ইসির পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মহসীন আলী।
অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এ সমঝোতা স্মারকের মাধ্যমে ব্যাংকগুলো গ্রাহকের পরিচয় অনলাইনে যাচাই করতে পারবে।’
তিনি বলেন, ‘এ চুক্তি গ্রাহকের নিশ্চয়তা দেবে এবং ব্যাংকিং লেনদেনে স্বচ্ছতা আনবে। ফলে লেনদেনে অনিয়ম-জালিয়াতি ব্যাপকভাবে কমে আসবে। ব্যাংকিং লেনদেনের গুণগত মান বৃদ্ধি পাবে।’
ইসি সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেস জাট, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন প্রমুখ।
চুক্তি স্বাক্ষরের ফলে এককালীন নিবন্ধন চার্জ দিয়ে নির্বাচন কমিশনের ডাটাবেজের নির্ধারিত কিছু তথ্য যাচাইয়ের সুযোগ পাবে ব্যাংক দুটি। অপর দিকে প্রতিটি নাগরিকের তথ্য যাচাইয়ের জন্য চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের কাছ থেকে দুই টাকা করে ফি পাবে ইসি।
উল্লেখ্য, গত জুন মাসে জাতীয় পরিচয়পত্র ও সরকারি-বেসরকারি সংস্থার তথ্য-যাচাইয়ের জন্য ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। এরপরই প্রথম কোনো বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে ইসি। এর আগে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এ দ্বিপক্ষীয় চুক্তি করা হয়েছিল।

