খুলনা প্রতিনিধি
খুলনার মেট্রোপলটন পুলিশের হরিণটানা থানার খালাসীর মোড়ে বাসউল্টে দুইজন নিহত হয়েছেন। এসময়ে আহত হন আরও পাঁচজন।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার পৌণে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে মংলার উদ্দেশ্যে আল-আমিন পরিবহন (সিলেট-ব ৫১০৫) নামে একটি বাস খালাসী মোড়ের নিকটে পৌঁছায়। এসময় বাসটি মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই একজন (অজ্ঞাত) মারা যান। আহত হন আরও ছয়জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে দুইটার দিকে মারা যান অজ্ঞাত আরও একজন।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, আহতরা হচ্ছেন- রিনা আক্তার (২০), মনোয়ারা বেগম (৪০), সুফিযান (৩২), রনি (২৮) ও অজ্ঞাত (৪৫)। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি (৪৫) মারা গেছেন অন্যরা বর্তমানে শঙ্কামুক্ত।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কার্ভাডভ্যানটি সনাক্ত করা যায়নি। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।

