স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে শ্রীনির জামানায় একক প্রতাপশালী ছিলেন ধোনি। সব সিদ্ধান্তেই তিনি নাক গলাতেন। তবে ধোনি এখন আর ধোনি নেই। শ্রীনির অবসানের পর যেন তেজহীন ঘোড়া তিনি।
কিছুদিন আগে আইপিএল বিতর্কের একটি মামলা নতুন করে ডানা মেলেছে। তাই বাংলাদেশ সফরে বিশ্রাম চেয়েছিলেন ধোনি। কিন্তু ছুটিতো মিললোই না বরং আসতে বাধ্য করা হলো। অথচ শ্রীনির আমলে এটা কোনো ব্যাপারই ছিল না ধোনির কাছে।
এরপর বাংলাদেশের সঙ্গে পরপর দুই ম্যাচে হেরে ভারতীয় সাংবাদিকদের রোষানলে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দায়িত্ব ছাড়ারও ইঙ্গিত দেন। এতোকিছুর পর মনে হয় বুঝতে আর বাকি থাকে না ধোনির প্রভাব আসলে কতটুকু।
টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও যে এর প্রভাব পড়েছে তা অনেক স্বচ্ছভাবেই বোঝা গেলো। গতকাল ম্যাচ শুরুর আগে টিভি সাক্ষাৎকারে বিরাট কোহলির এক মন্তব্য নিয়ে হঠাৎ করে জল্পনা শুরু হয়ে যায় ক্রিকেট মহলে। স্টার স্পোর্টসকে দেয়া ওই সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম। যেটা মাঠে বোঝাও গেছে। এটা অবশ্য আমার আলাদা করে না বললেও চলে। যারা ক্রিকেট দেখেন এবং বিষেশজ্ঞরা যা বোঝার নিশ্চয়ই বুঝেছেন।’
এরপর জল্পনা ছড়িয়ে পড়ে যে, তাহলে কি বিরাট কোহলি ভারতীয় ড্রেসিংরুমে কোনো ভাঙনের ইঙ্গিত দিচ্ছেন? নাকি ঘুরিয়ে ধোনির নেতৃত্বের সমালোচনা করছেন? পরে সংবাদ সম্মেলনে সুরেশ রায়নাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য ব্যাপারটা এড়িয়ে যান।
কোহলির মন্তব্য আর রায়নার এড়িয়ে যাওয়া ধোনির জন্য শুভ লক্ষণ নয় নিশ্চই!


