স্পোর্টস ডেস্ক : উরুগুয়ে বর্তমান চ্যাম্পিয়ন। দিয়েগো ফোরলান আর লুইস সুয়ারেজের অসাধারণ নৈপুন্যের ওপর ভর করে কোপা আমেরিকার গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার অবসর নেওয়ার কারণে নেই ফোরলান। আর নিষেধাজ্ঞার কারণে নেই সুয়ারেজ। সুতরাং, উরুগুয়েকে একটা ভাঙা হাট বললেও কম বলা হবে।
তারওপর যদি একটি ম্যাচে দুটি লাল কার্ড দেখানো হয় একই দলের খেলেয়াড়কে, তখন তাদের আর অবশিষ্ট কিছু থাকার কথা নয়। উরুগুয়েরও ছিল না। এ কারণেই অপেক্ষাকৃত শক্তিশালি হয়েও হেলে যেতে হলো অস্কার তাবারেজের দলকে। তাদেরকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক চিলি।
খেলার ৮১ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন চিলির ডিফেন্ডার মওরিসিও ইসলা। শেষ পর্যন্ত এই গোলেই শেষ চার নিশ্চিত হয় আলেক্সিজ সানচেজদের। প্রথম থেকেই প্রভাব বিস্তার করে খেলছিল চিলি। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না। অবশেষে খেলার প্রায় শেষ মুহূর্তে একেবারে মাটি কামড়ানো শটে উরুগুয়ের জাল ভেদ করেন ইসলা।
সেমিফাইনালে বলিভিয়া এবং পেরু ম্যাচের মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে চিলি। এর অর্থ, ফাইনাল অনেকটাই দেখতে পাচ্ছে স্বাগতিকরা। কারণ পেরু কিংবা বলিভিয়ার চেয়ে মোটামুটি শক্তিশালি দল চিলি।
উরুগুয়ের চেষ্টা ছিল টানা ৬ষ্ঠবার সেমিফাইনাল খেলার। প্রথম থেকেই তারা ব্যাকফুটে। কাউন্টার অ্যাটাক থেকে দু’একটি আক্রমণ করলেও গোল পাচ্ছিল না। কিন্তু ৬৩ মিনিটে এসেই থমকে যেতে হয় তাদের। এ সময়ে দ্বিতীয় হলুদ কার্ড (+ লাল কার্ড) দেখে মাঠ থেকে বহিস্কার হন এডিনসন কাভানি।
১০ জনের দল নিয়ে ইতিমধ্যে একটি গোল হজমও করে ফেলেছে তারা। কিন্তু ৮৮তম মিনিটে এসে আরও একজনকে হারায় তারা। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার জর্জ ফুসিলে।

