নিজস্ব ড্রতিবেদক : ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার। আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি- দশটি শিক্ষাবোর্ডে একযোগে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে।
গত ৬ জুন বিকেল থেকে শুরু হওয়া একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন প্রক্রিয়া চলে ২১ জুন পর্যন্ত। একজন শিক্ষার্থী নিজের পছন্দের ৫টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পেরেছে। এ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানা গেছে। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্ত রাজধানীর কলেজগুলোতে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৭২ হাজার। কেবলমাত্র ঢাকা শিক্ষাবোর্ডে এবার পাস করেছে ৩ লাখ ১০ হাজার ছাত্রছাত্রী। বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন স্কুল থেকে পাস করে এসে ঢাকার বিভিন্ন কলেজ ভর্তির জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, আবেদন জমা নেবার পর শিক্ষাবোর্ডগুলো ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দের কলেজের মেধাক্রম তৈরি করবে। এর ফল প্রকাশ হবে ২৫ জুন। আর কলেজগুলোতে পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।

