বিনোদন ডেস্ক : পরিবার এবং জীবনযাপনের তাগিদে লেখাপড়ার পাশাপাশি চাকুরী শুরু করেন হাসপাতালে। কিন্তু মন পড়ে থাকে অভিনয়ে- ‘যদি অভিনয়ের একটু সুযোগ পেতাম’। হঠাৎ করেই কাকতালীয়ভাবে জুটে গেল সুযোগ, ডাক পড়লো নাটকের একটি চরিত্রে অভিনয়ের। আর তারপরেই বদলে গেল চিত্রপট- পরিবারের দ্বায়িত্বশীল ছেলেটি নিজেকে যোগ্য অভিনেতা হিসেবে গড়ে তোলার দ্বায়িত্ব নিয়ে নিলো নিজের অজান্তেই। অভিনয় পাগল এই ছেলের নাম অরিত্র অর্ক।
পারিবারিক পদবী কুন্ডু, বাসায় তিনি আদরের ছোটন। মিডিয়ার কাজ করার শুরুটা রাশেদ মামুন অপুর হাত ধরে। খান সোহেলের ‘ম্যাঙ্গাে পিপল’ নাটকে হঠাৎ করেই ডাক পড়লো তার। ব্যাস- যাত্রা শুরু। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অরিত্র। অরণ্য হায়দারের ‘শৈশবের দিনগুলি’, খান সোহেলের ‘ব্যচেলর ডট কম’, হােসাইন সজীবের ‘কুঞ্জবাবু লেন’ ইত্যাদি নাটকে নিয়মিত দেখা যায় তাকে।
এছাড়াও কাজ করেছেন ওয়ালিদ হাসানের বিজয় দিবসের বিশেষ নাটক ‘ছেড়া পাতার কাব্য’, হিমেল আশরাফের ‘গপ্পাে’, খান সোহেলে ‘আপন ঘরে পরবাসী’ ইত্যাদি নাটকে। অবশ্য অভিনয় শেষ কথা নয়- আজিজ সুপার মার্কেটের দুটি ফ্যাশন হাউজের ফটোশু্টের মডেল হয়েছেন অরিত্র। ‘আমি শিখছি। যেহেতু অভিনয়ে আমার কোন পড়াশোনা কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাই যখন যাদের সঙ্গে কাজ করি- তাদের কাজ দেখে নিজের অভিনয় আরও ভালো করার চেষ্টা করি।’- বলেন অরিত্র।
কথায় আছে নিবেদনেই ফলপ্রকাশ। কাজের প্রতি মনোযোগ এবং অভিনয়ের প্রতি আত্মনিবেদন গড়ে তোলে একজন পূর্ণাঙ্গ অভিনেতাকে। ‘আমি তখন শ্যামলী থাকি। নাটকের শুটিংয়ের জন্য আসতে হবে কারওয়ান বাজার ইটিসি বিল্ডিং।কিন্তু আমার কাছে কোন টাকা নেই। বন্ধুবাধব কিংবা পরিচিত মানুষের কাছে ফোন করে টাকা চাইবো, ফোনেও টাকা নেই। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে কল করলাম কয়েকজনের কাছে। কিন্তু যাদের কাছে টাকা আছে, তারা বেশ দূরে আর কাছে আছে যারা, তাদের কাছেও টাকা নেই। রাস্তায় দাড়িয়ে চিৎকার করতে ইচ্ছা করছিল। মন শক্ত করে রওনা দিলাম। হেটেই চলে এলাম কারওয়ান বাজার, শুটিং করলাম।’- নিবেদন, সংগ্রাম এবং কষ্টের অভিজ্ঞতা নিয়ে বললেন অরিত্র।
স্টেট ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ বিষয়ে লেখাপড়া করেছেন অরিত্র। এক ভাই, এক বোন ও বাবা-মাকে নিয়ে তার সংসার। প্রথমদিকে মিডিয়ার কাজ নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও এখন অরিত্রকে উৎসাহ দেয় তার পরিবার। কলকাতার পরমব্রত, আবীর ও শ্রাবন্তীর অভিনয় ভালো লাগে তার। আর দেশে নায়ক আরিফিন শুভর ভক্ত তিনি। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী অভিনেত্রী সিমলার অভিনয় মুগ্ধ করে তাকে। স্বপ্ন দেখেন- একদিন নিজেও অভিনয় করবেন দেশের নামী দামী তারকা অভিনয়শিল্পীদের সঙ্গে।

