বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে এই প্রথম জুটি বেঁধে অভিনয় করবেন ফারহানা মিলি ও ইরফান সাজ্জাদ। ‘মনপুরা’ ছবিতে মিলির অনবদ্য অভিনয় দর্শক মনে রেখেছে আজও। ওদিকে সাজ্জাদ ‘ইউটার্ন’ ছবির মাধ্যমে পা রেখেছেন চলচ্চিত্রাঙ্গনে। এবার এই দুই তারকা একসঙ্গে অভিনয় করবেন ‘কালো মেঘের শিখরে’ নামের ছবিতে।
ছোট পর্দার পরিচালক রিটু রাজ। এরই মধ্যে ‘হঠাৎ বিয়ে’, ‘স্বপ্নযাত্রা’, ‘বোকা গোয়েন্দা’, ‘নিথর যাত্রা’র মত বেশ কিছু জনপ্রিয় নাটক পরিচালনা করেছেন। অনেকদিন ধরেই চলচ্চিত্র নির্মাণের কথা ভাবলেও সবকিছু মিলিয়ে পথ প্রসস্ত ছিলনা। এবার সব বাঁধা পেরিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম ছবি ‘কালো মেঘের শিখরে’।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবির গল্প সম্পর্কে পরিচালক রিটু রাজ বলেন, ‘পদ্মা নদীর জেলেদের জীবনের কাহিনী অবলম্বনেই ছবিটি নির্মাণ করা হবে। এ ছবিতে লালনের তিনটি গান থাকছে। গানগুলো হলো ভবের বাড়ি একা একা,গুরু রূপের ঝলক দেখে, সদাই মুখে ফেলে রাখো। নতুনভাবে গানগুলো রিমিক্স করা হবে। ছবিটি প্রযোজনা করব আমি নিজেই। ঈদের পর ২৭ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে নরসিংদিতে।’
অনেক নামকরা নাট্য পরিচালক আছেন যারা বেশ ভালো নাটক পরিচালনা করেন। কিন্তু ছবি পরিচালনা করতে গিয়ে বিভন্ন সমস্যায় পড়ে যান। প্রথমবারেরমত ছবি নির্মাণ করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার কি মনে হয়? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বেশকিছু দর্শকপ্রিয় নাটক আমি নির্মাণ করেছি। এছাড়া ছবি বানানোর পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। অনেক সময় নিয়ে কাজ করছি। ছবি বানানোর অনেক পরিকল্পনা ছিলো। এখন সে পথেই হাটছি। আশাকির বেশ ভালো একটি ছবি হবে।’
কালো মেঘের শিখরে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন ফারহানা মিলি, ইফরান সাজ্জাদ। এছাড়া মার্শাল, শহিদুল আলাম সাচ্চু, ফজলুর রহমান বাবু, ওয়াহিদুল আলাম শার্মিন, শুভ, ইফরাদ, প্রান্ত নিলয়, রিয়াদ খান, সুমন ১, সুমন ২, তানভির রানভি, নূর আবীর, বিজয়সহ আরও অনেকে থাকবেন ছবির বিভিন্ন চরিত্রে।

