স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষে এবার কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। গ্রুপ পর্ব শেষে ৩ গ্রুপ থেকে শীর্ষ ৮টি দল শেষ আটের টিকেট পেয়েছে। আগামী বুধবার থেকে এই দলগুলো সেমিফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে।
কোয়ার্টার ফাইনালে অনুমিতভাবেই জায়গা পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, স্বাগতিক চিলি ও উরুগুয়ে। তাদের সঙ্গে যোগ্যতার পরিচয় দিয়েই শেষ আটে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে, পেরু ও বলিভিয়া।
‘বিতর্কিত’ কর্মকাণ্ডের জন্য নেইমার ছিটকে পড়ায় লাতিন সৌন্দর্য ও শিল্পের লড়াই কিছুটা জৌলুস হারালেও মেসি, রদ্রিগেজ ও সানচেজনের ফুলবলশৈলী দেখার জন্য ফুটবলভক্তরা রাত জেগে খেলা দেখার অপেক্ষায় রয়েছেন। শেষ ম্যাচে নেইমারহীন ব্রাজিল ভেনেজুয়েলাকে ২-১ হারিয়ে জানান দিয়েছে দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড় না থাকলেও তারা বহুদূর যেতেই চিলিতে এসেছে।
২৪ জুন প্রথম কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক চিলির প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বলিভিয়ার প্রতিপক্ষ পেরু। সেমিফাইনালে উঠার লড়াইয়ে মেসির আর্জেন্টিনা ২৬ জুন হামেস রদ্রিগেজের কলম্বিয়ার মুখোমুখি হবে। একদিন পর শেষ কোয়ার্টারে নেইমারহীন ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, সেমিফাইনালে আরাধ্য আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হবে, তবে সেজন্য উভয় দলকেই কোয়ার্টারের বাধা টপকাতে হবে।
প্রথমবারের মতো কোপার শিরোপা জয়ের লক্ষ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে অ্যালেক্সিস সানচেজের চিলি। তবে গতবারের চ্যাম্পিয়ন উরুগুয়েও ছেড়ে দেয়ার পাত্র নয়। সেই তুলনায় বলিভিয়া ও পেরুর মধ্যকার কোয়ার্টার ফাইনালটি সেয়ানে সেয়ানে লড়াই হওয়ার কথা।
কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ফেবারিট হয়েই মাঠে নামবে। তবে বিশ্বসেরা ফরোয়ার্ড ও মিডফিল্ডারদের নিয়েও এখনো আলো ছড়াতে পারেননি মেসিরা। গ্রুপ পর্বের মতো যদি মেসিরা প্রাপ্ত সুযোগগুলো কাজে না লাগাতে পারেন তবে রদ্রিগেজ ও ফ্যালকাওরা তাদের বিপদে ফেলতে পারেন।
শক্তিমত্তা, ইতিহাস ও পরিসংখ্যান বিবেচনায় আনলে ব্রাজিলের সঙ্গে পেরে উঠার কথা নয় প্যারাগুয়ের। তবে গতবার এই প্যারাগুয়ের কাছে হেরেই কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। ফলে সেমিতে উঠার লড়াইয়ে নামার আগে সতর্কতা ও প্রতিশোধ এই দুটি বিষয়কে মাথায় রেখেই নামবে কার্লোস দুঙ্গার দল।
কোপার কোয়ার্টার ফাইনালের সূচি:
তারিখ সময় দল প্রতিপক্ষ
২৪ জুন, ২০১৫ ৫.৩০টা চিলি উরুগুয়ে
২৫ জুন, ২০১৫ ৫.৩০টা বলিভিয়া পেরু
২৬ জুন, ২০১৫ ৫.৩০টা আর্জেন্টিনা কলম্বিয়া
২৭ জুন, ২০১৫ ৩.৩০টা ব্রাজিল প্যারাগুয়ে

