তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স বা ডিএসএলআর ক্যামেরায় ফটো তুলতে চাই দক্ষতা। নইলে অটো মোডে পাওয়া ছবিতেই সন্তুষ্ট থাকতে থাকবে। কিন্তু অ্যাপারচার, শাটার স্প্রিড এবং আইএসও তে যদি আপনার দখল থাকে তবে দিনে কিংবা রাতে, অল্প আলোতেও পাবেন সেরা ছবিটি। ক্যামেরার এসব ক্যারিকেচার জানতে হলে মানতে হবে কিছু নিয়ম-কানুন। আসুন জেনে নেই কি করে অল্প আলোতেও ভালো ছবি পাওয়া যায়।
ধরুন ভরদুপুর বেলা আপনি একটি রেস্তোরাঁয় ঢুঁকলেন। বাইরে রোদজ্বলা দুপুর হলেও ভেতরে আধো-আলোর খেলা চলছে। এমন অবস্থায় আপনার চোখ ধীরে ধীরে অন্ধকার সহনীয় হলে ক্যামেরা কিন্তু তা পারে না। এজন্যই ক্যামেরায় আলোর সমন্বয় করতে হয়।
কমিয়ে নিন শাটার স্পিড
কম আলোতে ভালো ছবি তুলতে হলে কম শার্টার স্প্রিডে ছবি তুলতে হবে। শাটার বেশিক্ষণ খোলা থাকা মানে ক্যামেরার সেন্সরে বেশি আলো ঢোকা। অন্যদিকে শাটার স্পিড বাড়িয়ে দিলে আলো কম ঢোকে।
কম আলোতে শাটার স্পিড কমিয়ে নিয়ে ছবি তুললে ঝকঝকে ছবি পাওয়া যায়। তবে শাটার স্পিড কমালে অ্যাপারচার এবং আইএসও সমন্বয় করতে হবে। কারণ একটি অপরটির সঙ্গে যুক্ত।
ওয়াইড অ্যাপারচার ব্যবহার করুন
শাটারের পরেই ডিএসএলআর ক্যামেরার গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অ্যাপারচার। অ্যাপারচার সাধারণত এফ পয়েন্ট দ্বারা নির্ণিত হয়। কম এফ পয়েন্ট মানে বড় অ্যাপারচার। বেশি এফ পয়েন্টে লেন্সের মধ্য দিয়ে আলো কম ঢোকে। তাই কম আলোতে এফ পয়েন্ট কমিয়ে এফ/৩.৫ রাখা যেতে পারে। সাধারণ ডিএসএলআর ক্যামেরায় সবচেয়ে কম এফ পয়েন্ট হচ্ছে এফ/১.৮। এফ পয়েন্ট কমিয়ে বাড়িয়ে আলোর সমন্বয় করা যায়।
ক্যামেরার ডেফট অফ ফিল্ড বা গভীরতাও এই এফ পয়েন্টের উপর নির্ভর করে। এখানে বলে রাখা ভালো এফ পয়েন্ট কমালে শাটার স্পিডও বাড়াতে হবে। নইলে ছবি ঝলসে যাবে।
যদি আপনি শুধু এফ পয়েন্টকে গুরুত্ব দিতে চান তবে শার্টার এবং আইএসও অটোতে দিতে পারেন। এতে করে ক্যামেরা শাটার এবং আইএসও নিজে নিজেই সেট করে নেবে।
আইএসও বাড়ান
রাতের বেলা কিংবা অল্প আলোতে ভালো ছবি পাওয়ার জন্য আইএসও বাড়িয়ে নিন। তবে মনে রাখবেন যতো আইএসও বাড়াবেন ততই ছবিতে গ্রেইন আসবে। তাই আইএসওর সঙ্গে শাটার এবং অ্যাপারচার সমন্বয় করুন।
ধরুন আপনি ক্যামেরা থেকে ১০০ আইএসও সেট করলেন। এর মানে হলো ক্যামেরা আলোর প্রতি খুব বেশি সংবেদনশীল নয়। একই ভাবে যত আইএসও বাড়াবেন ক্যামেরা আলোর প্রতি ততই সংবেদনশীল হয়ে উঠবে। ভালো ছবি পাওয়ার জন্য আইএসও ৮০০ থেকে ১৬০০ এর মধ্যে রাখুন।
ট্রাইপড ব্যবহার করুন
ক্যামেরায় শাটার স্পিড কমানোর ফলে দীর্ঘক্ষণ শার্টারের মুখ খোলা থাকে। এতে করে বেশি আলো ক্যামেরার সেন্সরে প্রবেশ করে। কিন্তু দীর্ঘক্ষণ ক্যামেরা হাতে ধরে রাখার ফলে অনেক সময় ফ্রেম থেকে ক্যামেরার ফোকাস সরে যায়। কিংবা ক্যামেরা কেঁপে ওঠে। ফলে ছবি নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধানে অল্প আলোতে কিংবা রাতের ছবি তোলার সময় ট্রাইপড ব্যবহার করুন।

