ঝালকাঠি প্রতিনিধি : ‘সমাজ পরিবর্তন এবং দেশ উন্নয়নের জন্য যুবকরাই পারে অগ্রণী ভূমিকা নিতে। গ্রাম ভিত্তিক উন্নয়নে যুবকদের হাতিয়ার হতে হবে।’
ঝালকাঠিতে যুব উন্নয়নের ক্ষুদ্র ঋণ, আত্মকর্মসংস্থান কর্মসূচি মূল্যায়ন বাস্তবায়ন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ উপদেষ্টা ও শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘যুবকরা নিজেদের বাসা বাড়িতে গরু-ছাগল এবং হাঁস মুরগির খামার তৈরি করে বেকার সমস্যা দূর করে স্বাবলম্বী হতে হবে। এ লক্ষ্যেই যুব উন্নয়ন অধিদপ্তর প্রান্তিক পর্যায়ের যুবকদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিয়ে গরু-ছাগল এবং হাঁস মুরগি বিতরণ করছে।’
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালনা কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দারিদ্র বিমোচন ও ঋণ প্রদান বিভাগের পরিচালক এরশাদ উর রশিদ, পুলিশ সুপার মো. মজিদ আলী, পৌর মেয়র আফজাল হোসেন।
স্বাগত বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ঝালকাঠি উপ-পরিচালক মিজানুর রহমান। এ সময় বরিশাল বিভাগের যুব উন্নয়নের ৯ কর্মকর্তাকে সনদপত্র প্রদান করা হয়।

