নিজস্ব প্রতিবেদক : এদেশের ইতিহাসকে উপহাসে পরিণত করা হয়েছে। ইতিহাস সত্য না হলে সেটা ইতিহাস নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
শনিবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ ইতিহাস পরিষদ’ আয়োজিত ৪৫তম বার্ষিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ইতিহাসবিদদের সত্যকে ধারণ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বানও জানান তিনি।
‘ইতিহাসে ইচ্ছাকৃতভাবে তথ্য বিভ্রাট করা যাবে না’ উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের নানা অজানা তথ্য উদঘাটনে ইতিহাসবিদদের কাজ করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রজ্ঞাবান ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষক, গবেষক ও ইতিহাসবিদ এই সেমিনারে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, যুগ্ম-সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।

