আন্তর্জাতিক ডেস্ক : মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে শুক্রবার সুদানে শত শত মানুষ বিক্ষোভ করেছে। সম্প্রতি মিশরের এক আদালত মুরসির বিরুদ্ধে ওই রায় দিয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর সুদানের রাজধানী খার্তুমে জড়ো হয়েছিল ৮শয়ের মত লোক। এতে স্থানীয় মিশরীয়রাও অংশ নিয়েছিল। বিক্ষোভের ডাক দিয়েছিল দেশটির ক্ষমতাসীন দল ‘ন্যাশনাল কংগ্রেস পার্টি’র অঙ্গ সংগঠন ইসলামিক মুভমেন্ট। খার্তুমের গ্রান্ড মসজিদ থেকে শুরু হওয়া ওই মিছিলটি গোটা শহর প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে শোভা পাচ্ছিল প্রেসিডেন্ট মুরসি এবং তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগানের ছবি সম্বলিত পোস্টার। মিছিল থেকে মিশরের বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়।
তবে সুদান সরকার মুরসির মৃত্যুদণ্ড সম্পর্কে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বাশির ১৯৮৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। মানবাধিকার লঙ্ঘণের ঘটনায় তার সরকারকে নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে মিশর আদালতের দেয়া মুরসির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিশ্ব জুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এই রায় কার্যকর করা হলে গোটা মধ্যপ্রাচ্য অস্থির হয়ে ওঠবে বলে সতর্ক করে দিয়েছে তুরস্ক।

