আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণে সমুদ্র উপকূলে বিপুল তেল নিঃসরণের দুটি ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে প্রায় নয় মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল। সান্তা বারবারার কাছে তেলবাহী পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ নিঃসরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
কর্তৃপক্ষ জানায়, বহনক্ষমতার চেয়েও অধিক তেল বহন করতে হচ্ছিল ঐ পাইপলাইনকে, যে কারণে মঙ্গলবারই তা একাধিক স্থানে ভেঙে পড়ে। এতে সমুদ্রে প্রায় ১০৫,০০০ গ্যালন বা প্রায় ৪০০০ লিটার তেল ছড়িয়ে পড়ে। ঐ পাইপলাইনে তেল সরবরাহ এ মুহূর্তে বন্ধ আছে। পরিবেশ বিপর্যয় ঠেকাতে রিফিউজিও স্টেট বিচে কাজে নেমে পড়েছে সংশ্লিষ্ট কর্মীদল। তবে কবে নাগাদ তেলের পরিমাণ সহনীয় মাত্রায় নিয়ে আসা যাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার নাগাদ প্রায় ২১,০০০ গ্যালন তেল প্রশান্ত মহাসাগরে মিশে যাবে। প্রাণিবৈচিত্রের জন্যে বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াবে।
বুধবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রশাসক জেরি ব্রাউন প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তেল নিষ্কাশনে সব ধরনের প্রযুক্তি ও পরিবহন যেন সহজে যাতায়াতযোগ্য হয়ে ওঠে, এবং সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্যেই এ জরুরি অবস্থা। গণমাধ্যমকে তিনি জানান, ক্যালিফোর্নিয়ার উপকূলে পরিবেশ বিপর্যয় রক্ষায় তিনি সম্ভব সমস্ত পথ অবলম্বন করবেন।

