নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০১৬ সালকে সরকার পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। ওই বছর দেশে প্রায় ১০ লাখ পর্যটক আসবেন বলে আমরা প্রত্যাশা করছি। এই লক্ষ্য অর্জনে অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। তবে এই পর্যটন শিল্প বিকাশে দেশের ট্যুর অপারেটরদের ভূমিকাই মুখ্য।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে যেসব পর্যটক আসেন তারা যেন একবার হলেও এ দেশ ভ্রমণ করেন তাহলেই তা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক। তাই দেশি-বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসার আহ্বান জানান মন্ত্রী।
রাজধানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজক হচ্ছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)।
মেলায় বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়াসহ ১৫টি দেশের ৫৫টি এয়ারলাইনস, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও পর্যটনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩৫টি স্টল অংশ নিচ্ছে।
মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠান হোটেল ও প্যাকেজ বুকিংয়ে ছাড়সহ বিভিন্ন সুবিধা দেবে কাস্টমারদের। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটনমন্ত্রী রতন ভৌমিক, পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএফটির চেয়ারম্যান হাকিম আলী।

