নিজস্ব প্রতিবেদক : যারা মুক্তমনা মানুষের উপর আক্রমন করছে তাদের এখুনি থামানো না গেলে শুধু মুক্ত ও স্বাধীন চিন্তার ব্যক্তিরাই নয়, সাধারণ মানুষও এ থেকে পরিত্রাণ পাবে না বলে আশঙ্কা করছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) নামের একটি সংগঠন।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিচারহীনতার অবসান চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা প্রকাশ করা হয়।
স্টেপসের পরিচালক রঞ্জন কর্মকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘আজ মুক্তচিন্তা চর্চার এক নিদারুন ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা। মুক্তচিন্তা চর্চাকারীরা একদিকে যেমন রাষ্ট্রীয় আইন ও নীতিমালার জালে আবদ্ধ, অপরদিকে ভিন্ন মতালম্বীদের পক্ষ থেকে প্রাণঘাতি সহিংসতার শিকার। যেখানে মুক্তচিন্তার মানুষের নিরাপত্তা দিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘আজ ব্লগারদের নৃসংশভাবে হত্যা করা হচ্ছে। আর হত্যাকারীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। পরে তারা আবারও বেপরোয়া হয়ে উঠছে। ফলে একেরপর এক ব্লগার হত্যা বেড়েই চলেছে। তাই আজই মুক্তমনা হত্যাকারীদের থামান।’
দায়মুক্তি নিরসনে প্রতিটি হামলা, হত্যাকাণ্ডের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যেসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে তার জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত কাজ সম্পাদন, সব ঝুকিপূর্ণ ব্লগার ও লেখকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও সংগঠনের সদস্য আয়েশা খানম বলেন, ‘দেশে আজ মুক্ত চিন্তা মানুষের উপর যারা আক্রমন করছে তাদের ব্যাপারে সরকারকে কঠোর ভুমিকা পালন করতে হবে। আর এসব কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।’
এপর্যন্ত বিভিন্ন সময়ে যেসব ব্যক্তিকে গুম ও অপহরণ করা হয়েছে তাদের জন্য আলাদা তদন্ত কমিটি গঠন এবং এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ব্যারিস্টার সারা হোসেন, নাগরিক উদ্যোগের জাকির হোসেন ও এডিস সারভাইভরস ফাউন্ডেশনের সেলিনা হোসেন প্রমুখ।

