নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত ডাবল সার্কিট (৪০০ কেভি) সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। ৭০ কিলোমিটার হাইভোল্টেজ এ লাইনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৮০ কোটি টাকা।
এর ফলে আশুগঞ্জে দু’টি নতুন ইউনিটে প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ভবিষ্যতে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বর্ধিত বিদ্যুৎ সুষ্ঠুভাবে সঞ্চালন করতে নতুন এ লাইন নির্মাণ করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
কাজটি সম্পন্ন করতে বুধবার (২০ মে) নিজস্ব কার্যালয়ে ভারতীয় প্রতিষ্ঠান ‘কেইসি ইন্টারন্যাশনাল লি.’র সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে পিজিসিবি। চুক্তি অনুযায়ী আগামী ২০ মাসের মধ্যে সঞ্চালন লাইনটি নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে কেইসি।
অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং কেইসি’র পক্ষে কান্ট্রি হেড কে. কে. সিনহা চুক্তিতে স্বাক্ষর করেন। পিজিসিবি এবং বাংলাদেশ সরকারের (জিওবি) যৌথ অর্থায়ণে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
২০১৩-১৪ অর্থবছরে ‘আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প’ শীর্ষক এ কর্মসূচী হাতে নেওয়া হয়। গৃহীত প্রকল্পের আওতায় ৮ কিলোমিটার জুড়ে আরেকটি ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন এবং ভুলতায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র (সাবস্টেশন) নির্মাণের কথা রয়েছে। প্রকল্পের কাজ সম্পন্ন হলে আশুগঞ্জ থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সহজতর হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (ওঅ্যান্ডএম) তপন কুমার রায়, প্রধান প্রকৌশলী (পিঅ্যান্ডডি) অরুণ কুমার সাহা, প্রকল্প পরিচালক কাজী ইশতিয়াক হাসান ও কেইসি ইন্টারন্যাশনাল এবং পিজিসিবি’র পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

